২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় দুদলের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের  মাথায় গুলিবিদ্ধ ও একজনের পায়ের রগ কাটা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার গাগড়ীজোড়া গ্রামে এ সংঘর্ষ চলাকালে সাতটি ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয় এবং একটি বসত ঘরে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাগড়ীজোড়া গ্রামের আমির হোসেন মুন্সি জানান, স্থানীয় সামসুদ্দিন সরদার ও তাজুল সরদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বুধবার সন্ধ্যায়  তাজুল সমর্থক আলহাম মুন্সি ও জহিরুল মুন্সিকে শরীয়তপুর শহরের রাজগঞ্জ ব্রিজের কাছে আটকে প্রতিপক্ষের লোকজন মারধর করে এবং আলহাম মুন্সির পায়ের রগ কেটে দেয়।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের পক্ষের লোকজন প্রতিপক্ষের সামসুদ্দিন সরদারের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।  

আমির হোসেন মুন্সি আরও জানান, এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে সামসুদ্দিন সরদারের নেতৃত্বে শতাধিক লোক দেশি অস্ত্রশস্ত্র  ঢাল, শরকি, রামদা, ছেনদা, লাঠিসোটা  ও হাতবোমা নিয়ে তাজুল গ্রুপের আব্দুল জব্বার মুন্সি, খলিল মুন্সি ও হারুন সরদাদের বাড়িতে ৭টি ঘরে হামলা করে ভাংচুর ও লুটপাট চালায়।

এ সময় আব্দুল জব্বার মুন্সির বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।

এ সময় অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণ হয় এবং লিটন মাল নামের একজনের মাথায় গুলিবিদ্ধ হয় বলে জানান আমির মুন্সি।

লিটন মালের স্ত্রী মনি বেগম বলেন, সামসুদ্দিস সরদার ও তার লোকজন তাদের বাড়িঘরে হামলা করে ব্যাপক ভাংচুর লুটপাট করে ঘরে আগুন দিয়ে পুড়ে দেয়।

“তারা আমার  স্বামীকে গুলি করে গুরুতর আহত করে,” বলেন মনি বেগম।

এ ব্যাপারে সামসুদ্দিন সরদার বলেন, তাজুল সরদারের নেতৃত্বে তার বাড়িতে হামলা করে ভাংচুর করা হয়েছে। এ ঘটনার জেরে সংঘর্ষ হয়।

তাজুল সরদার বলেন, সামসুদ্দিন সরদার শতাধিক লোকজন নিয়ে তার সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট করে ও বসত ঘরে আগুন দেয়।

নড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

এ ঘটনায় ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এখনো  কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।