বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ লাশ উদ্ধার
বালুবাহী বাল্কহেডের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সীমান্তবর্তী ঢাকার কেরাণীগঞ্জে ৭০/৮০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মৃতরা সবাই ঢাকার লালবাগের বাসিন্দা। এরা হলেন মৃত লাটমিয়ার ছেলে মো. ছমির হোসেন (৪৫), ওয়াহাব মোল্লার ছেলে রুবেল (১৮), হাফিজ উদ্দিনের ছেলে রুবেল (৩০), নুরুদ্দিনের ছেলে জাকির (২৮), মিজানুর রহমানের ছেলে সাগর (১০), আইয়ুব আলীর স্ত্রী করমজান বিবি (৬৫), কাজল (২৮) ও স্বপন (১৬)।
ঢাকার কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক জানান, সকালে চাঁদপুরের মতলব থেকে ৭০/৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি।
বেলা পৌনে ১টার দিকে কেরাণীগঞ্জের আলীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেড ‘সাথীবুল বাহার ২’ এর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
আশপাশের লোকজনের সহায়তায় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ওসি মো. এনায়েত উল্লাহ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা একজনের লাশ উদ্ধার করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. মোজাম্মেল জানান, ডুবে যাওয়া মো. ছমির হোসেনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনেন রিপন নামের এক ব্যক্তি। এখানে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, বিকালে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা জানান, ঘটনাস্থলটি কেরানীগঞ্জ হলেও ট্রলারডুবির ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে।
দুর্ঘটনার পরপরই নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়। এছাড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
