টাঙ্গাইলে কভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি কভার্ড ভ্যানের ধাক্কায় এক ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক শ্রমিক হাসান আলী (২৭) ও তার সহকারী আব্দুল হামিদ (২৫)। তাদের বাড়ি টাঙ্গাইল শহরের অলোয়াভবানী এলাকায়।
ওসি জানান, বালুবাহী একটি খালি ট্রাক কয়েকজন শ্রমিক নিয়ে জোকারচর এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় উত্তরবঙ্গগামী সিমেন্টবাহী একটি কভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এ ঘটনায় ট্রাকের শ্রমিক হাসান আলী ঘটনাস্থলেই নিহত হন, আহত হন চারজন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ট্রাক চালকের সহকারী হামিদকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি।
