চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বে প্রধান নির্বাহী
মেয়র ও প্যানেল মেয়ররা সবাই নির্বাচনে প্রার্থী হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়ে জানানো হয়।
আদেশে বলা হয়, সিসিসির মেয়র মনজুর আলম গত ২৭ মার্চ অপরাহ্নে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন।
“সিটি করপোরেশনের প্যানেল মেয়ররা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধায় নাগরিক সেবা অব্যাহত রাখা এবং উন্নয়ন কাজ চলমান রাখার স্বার্থে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ১০৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা অর্পণ করা হল।”
সিসিসির সচিব রশিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেহেতু একজন ভারপ্রাপ্ত মেয়র আছেন প্রধান নির্বাহী প্রয়োজন মনে করলে কোন বিষয় তাকে অবগত করবেন।
“তবে এ আদেশ অনুসারে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলমই আর্থিক ও প্রশাসনিক সব দায়িত্ব পালন করবেন। দাপ্তরিক সব কাগজে তিনি স্বাক্ষর করবেন।”
২৭ মার্চ মনজুর আলম পদত্যাগের পর প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব হস্তান্তর করেন।
মোহাম্মদ হোসেন এবং অন্য দুই প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী ও জোবাইরা নার্গিস খান এবার কাউন্সিলর পদে নির্বাচন করবেন।
২০১০ সালে ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ ভারপ্রাপ্ত মেয়র পদে থেকেই কাউন্সিলর পদে আবার নির্বাচনে অংশ নেন।
এদিকে মনজুর আলমের পদত্যাগের আগেই চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন প্যানেল মেয়রের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব থেকে নির্বাচনে অংশ গ্রহণ বিষয়ে জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন।
এ বিষয়ে সিসিসির পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল কি না প্রশ্ন করা হলে সিসিসির সচিব রশিদ আহমদ বলেন, “আমরা জানতে চাইনি। স্থানীয় সরকরা মন্ত্রণালয় থেকেই এ বিষয়ে আদেশ দেওয়া হয়েছে।”
