জামালপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ, আহত ১৫
জামালপুর সদরে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া নিয়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই সংঘর্ষ চলাকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাংচুর করা হয়।
ঘটনাস্থল থেকে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন পুলিশের এসআই মশিউর রহমান, এএসআই মফিজুল ইসলাম, কনস্টেবল মজনু মিয়া, উপেন চন্দ্র রায়, হযরত আলী, জাকির হোসেন, সাখায়াত হোসেন, ইউএনওর অফিস সহকারী খালেদুল ইসলাম সিদ্দিক ও হাসেম আলী এবং গাড়ি চালক শরিফুল আলম।
তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদরের ইউএনও গোলাম কিবরিয়া জানান, দুপুরে উপজেলার বারুয়ামারী চরপাড়া গ্রামের সাজাউল হক সজলের চালকলের পল্লী বিদ্যুতের সংযোগের খুঁটি থেকে পাশের গ্রামে নতুন সংযোগ দিতে গেলে চালকল মালিক বাধা দেয়।
তার (ইউএনও) উপস্থিতিতে পল্লী বিদ্যুতের লোকজন সংযোগ স্থাপনের চেষ্টা করলে উত্তেজিত জনতা তার গাড়িতে ভাংচুর চালায়।
এরপর পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে সাত পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান ইউএনও।
জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ও জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
এছাড়া ঘটনাস্থল থেকে চালকল মালিক সাজাউল হক সজলের স্ত্রী চায়না বেগমকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
