২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণীর খণ্ডিত লাশ: মতিঝিলে আরও ছয়জন গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে শিমু আক্তার সুমি নামে ২২ বছর বয়সী এক তরুণীর সাত খণ্ড লাশ উদ্ধারের ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 01:46 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

গ্রেপ্তার ছয়জন হলেন- সাইদুল ইসলাম, হানিফ, রাতুল আহমেদ, সুজন, নুরুন্নবী শাওন ও সুমন।

রোববার মতিঝিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম জানান।

তিনি জানান, ফকিরাপুলে রোকেয়া মঞ্জিল নামে যে বাড়িতে সুমির কাটা মাথা পাওয়া গিয়েছিল, তার ছাদে বসে ইয়াবা সেবন করত গ্রেপ্তার ছয়জন।

ওই বাড়ির চতুর্থ তলায় থাকতেন মোবারক উল্লাহ মন্টি, যিনি এ হত্যা মামলায় আটক হওয়ার পর ২২ মার্চ রাতে শাহজাহানপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

এর আগে ফকিরাপুল বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীর হোসেন সোহেল ওরফে বাংলা সোহেল নামে আরেকজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত ১০ মার্চ ফকিরাপুলের কালভার্ট রোডের গরম পানির গলিতে একটি টিনশেড বাড়ির চালায় সুমির খণ্ড-বিখণ্ড লাশ পাওয়া যায়।

ওই বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় একটি হাত এবং প্রায় তার কাছাকাছি দূরত্বে আরেকটি হাত ও একটি পা পাওয়া যায়। আর মাথা পাওয়া যায় রোকেয়া মঞ্জিলে।

পরে জানা যায়, সুমি ওই এলাকার মাদক বিক্রেতা নাসিরের স্ত্রী। মাদকের কারবারে বিরোধের জেরে সুমিকে হত্যা করা হয় বলে র‌্যাব কর্মকর্তাদের ধারণা।

লাশ উদ্ধারের পর পুলিশ অজ্ঞাতপরিচয় ৬-৭ জনকে আসামি করে মতিঝিল থানায় একটি হত্যা মামলা করে। পরে মন্টি ও সোহেলকে আটক করা হয়।