২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর পানি দূষণমুক্ত করতে আইনের কার্যকর প্রয়োগের আহ্বান

বিশ্ব পানি দিবসে নদীর পানি দূষণমুক্ত করতে আইনের কার্যকরী প্রয়োগে উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক  ইফতেখারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 08:47 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

রোববার সকাল ১১টায় দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে বিশ্ব পানি দিবস-২০১৫ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তিনি।

‘টেকসই উন্নয়নে চাই পানি খাতে শুদ্ধাচার’ স্লোগান নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্কের (বাউইন) ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশ নদী প্রধান দেশ হলেও দেশের নদীগুলোর নাব্যতা রক্ষাই বর্তমানে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার বর্জ্য নিষ্কাশন নীতিমালা মানা হয় না বলেই দূষণ অব্যাহত রয়েছে। তাই নদীর পানি দূষণ মুক্ত করতে সরকারকে আইনের প্রয়োগে কার্যকর উদ্যোগ নিতে হবে।’’

বর্তমানে দেশের অনেক নদী রাজনৈতিক দল মদদপুষ্ট ভূমিদস্যুদের দখলে অভিযোগ করে পানি ও পরিবেশ আইনের যথাযথ প্রয়োগ না হওয়াকেই নদী দখল ও দূষণের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে পানি খাতের ব্যবস্থাপনায় সরকারের অন্তত ১৩টি মন্ত্রণালয় যুক্ত থাকায় খাতটিকে অনেক জটিল উল্লেখ করে ইফতেখার বলেন, যদি পানি ব্যবস্থাপনায় সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করা না যায় তাহলে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, শিল্প উন্নয়ন, বাস্তুসংস্থানসহ মানুষের জীবন ও জীবিকা হুমকির সম্মুখীন হবে।

এছাড়া পানি খাতে শুদ্ধাচারের দাবিতে বাংলাদেশ পানি আইন ২০১৩’র দ্রুত বাস্তবায়ন করা, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা, পানি সম্পর্কিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত করা, নদীতে বেআইনী দূষণ রোধ ও অবৈধ দখলমুক্ত করা, শিল্পবর্জ্য নির্গমনের বিধিমালা তৈরি করা, পানি সম্পদের অপব্যবহার রোধে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে শুদ্ধাচার ও নৈতিকতা শিক্ষা নিশ্চিত করার সুপারিশ তুলে ধরনে তিনি।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. জাকির হোসাইন খান, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সুমন, বাউইনের সমন্বয়ক সজীব কুমার শাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।