চট্টগ্রাম নগরীতে ২৫টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বিল বকেয়া থাকায় চট্টগ্রাম নগরীর ২৫টি বিদ্যুৎসংযোগ কেটে দিয়ে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করেছে পিডিবি।
রোববার নগরীর কোতোয়ালী ও ডবলমুরিং থানা এলাকায় অভিযানে ২৩ গ্রাহকের বিরুদ্ধে মামলা হয় পিডিবির ভ্রাম্যমাণ আদালতে।
চট্টগ্রাম পিডিবির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম পিডিবির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ হাসানের নেতৃত্বে কোতোয়ালী থানার আলকরন, লালদীঘি ও ব্রিকফিল্ড রোড এলাকায় মোট ১৬টি সংযোগ বিচ্ছিন্ন করে সমসংখ্যক মামলা করে ভ্রাম্যমাণ আদালত। এসব গ্রাহকের কাছে মোট ৩৭ লাখ ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
এসময় অবৈধ সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ ব্যবহার করায় নয়জনকে মোট তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নগরীর সদরঘাট, নছু মালুম রোড, বংশাল পাড়া, ডিটি রোড ও পূর্ব মাদারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন পিডিবির বিচারিক হাকিম মাসুদুল হক।
এ সময় ১০ লাখ ৬৮ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মোট ১১টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাতটি মামলা করে আদালত।
