২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলালের জামিন

সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার দুই মামলায় জামিন পেয়েছেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 08:09 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

রোববার হাই কোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আমির হোসেনের অবকাশকালীন বেঞ্চ উভয় মামলায় কারাবন্দি আলালকে ছয় মাসের জামিন দেয়।

এই জামিনের ফলে আলালের মুক্তিতে বাধা নেই বলে তার আইনজীবী জানালেও রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছে।

আদালতে আলালের পক্ষে ছিলেন আইনজীবী মো. সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

গত ২৪ ডিসেম্বর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়।

এই সংঘর্ষের মধ্যে ঢাকা মেডিকেলের সামনে হামলার শিকার হন নেত্রকোনার সাংসদ ছবি বিশ্বাস। হামলাকারীরা তার গাড়ি পুড়িয়ে দেয়, আহত হন তিনি নিজেও।

এই ঘটনার পর ছবি বিশ্বাসের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চকবাজার থানায় দুটি মামলায় হয়।

গত ২৭ ডিসেম্বর আটক হওয়ার পর আলালকে উভয় মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দুই মামলায় জামিন পাওয়ায় তার মুক্তি পেতে আর কোনো বাধা রইল না।”

“আমরা এর বিরুদ্ধে আপিল করব,” বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বশির উল্লাহ।