বিয়ে দিতে রাজি না হওয়ায় বাড়িতে অগ্নিসংযোগ
বখাটের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় নরসিংদীর সদর উপজেলায় এক ব্যক্তির বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে সদর উপজেলার চর এলাকা নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা করেছেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আবুল কাসেম জানান, বাহেরচর গ্রামের মতিউল্লাহ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের মেয়েটিকে (১৪) বিয়ে করতে চাইছিল প্রতিবেশী দুদু মিয়ার ছেলে মাছুম (২২)।
গত বৃহস্পতিবার একই গ্রামে ফুপুর বাড়ি থেকে ফেরার সময় মাছুম ও তার কয়েকজন বন্ধু রাস্তা থেকে মেয়েটিকে ধরে তাদের বাড়তে নিয়ে গিয়েছিল বলে ওসি জানান।
এ নিয়ে শুক্রবার রাতে সালিশ বসে গ্রামে। কিন্তু উভয় পক্ষের কথা কাটাকাটির এ পর্যায়ে সভাটি পণ্ড হয়ে যায়।
এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে দুদু মিয়ার পক্ষ মেয়েটির বাড়িতে অগ্নিসংযোগ করে বলে মামলার েএজাহারে বলা হয়।
আগুনে বসত ঘরসহ তিনটি ঘর ও আসবাবপত্র সস্পূর্ণ পুড়ে যায়।
মেয়েটির বাবা মামলা করার পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে বলে ওসি জানান।
