ফতুল্লায় আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলায় বসত ঘরে আগুন লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
মৃত আবুল বেপারী (৬৫) ওই এলাকার মৃত আমিন উদ্দিন বেপারীর ছেলে।
নিহতের স্ত্রী জবুনা বেগম বলেন, সকাল ৬টার আবুল বেপারীকে ভাত খেতে দেই। এ সময় তিনি রুটি খেতে চান। রুটি আনার জন্য দোকানে যাই এবং ফিরে আসার পথে শুনতে পাই আমাদের বাড়িতে আগুন লেগেছে।
তিনি আরো বলেন, “খবর পেয়ে ছুটে এসে দেখি আমদের দুটি ঘর পুড়ে গেছে। আগুনে আমার স্বামীও পুড়ে গেছে।”
আবুল বেপারীর ছেলে লতিফ বেপারী বলেন, একটি বিয়ের দাওয়াতে শরীয়তপুর গিয়েছিলেন। বাড়িতে শুধু বাবা ও মা ছিলেন।
ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার কান্তি বলেন, দুর্ঘটনা থেকে আগুন ধরে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
