গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীর মৃত্যু হয়েছে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই রথীন্দ্র নাথ তরফদার জানান, শুক্রবার বিকালে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
মৃত শেফালী বেগম (৪০) উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের আকরাম আলী মোল্লার স্ত্রী।
মৃতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে তিনি বলেন, শুক্রবার বিকালে ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় শেফালী আহত হন।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছিলেন।
