রাজধানীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ৫
রাজধানীর মগবাজারের একটি ভবনে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন-মনির খান (২৪), ইয়াকুব ফকির (২০), রুবেল গাজী (২৫), শাহাবউদ্দিন(৩২) ও নাজমুল ইসলাম (১৮)।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি জানান, শুক্রবার রাতে বড় মগবাজারের ৫৪ নম্বর ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
“চক্রটি সারাবছরই জাল টাকা তৈরি করলেও ঈদ ও পূজা ঘিরে বেশি সক্রিয় থাকত,” বলেন পুলিশ কর্মকর্তা জনি।
আটকদের মধ্যে মনির খান নিজে জাল টাকা তৈরি করে অন্যদের মাধ্যমে বিক্রি করাতেন বলে জানান তিনি।
সকালে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, আটক মনির ৬ থেকে ৭ বছর ধরে জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। রুবেল আগেও পুলিশের হাতে জাল টাকাসহ আটক হয়েছিলেন।
মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত উপকমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
