‘পাহাড়ে সেনা দখলদারিত্বে পাহাড়ি একটি গোষ্ঠীও যুক্ত’
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর দখলদারিত্ব প্রতিষ্ঠা ও নির্যাতনে পাহাড়ি একটি ক্ষুদ্র গোষ্ঠীও যুক্ত রয়েছে বলে মনে করেন অধ্যাপক আনু মহাম্মদ।
শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পাহাড়িদের এক সংহতি সমাবেশে এ কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
আনু মহাম্মদ বলেন, পার্বত্য চট্টগ্রাম অশান্ত থাকলে, বাংলাদেশও অশান্ত থাকবে। পাহাড়ে যে নির্যাতন ও দখলদারিত্ব চলছে তার সাথে শুধু সেনাবাহিনী আর আমলারা জড়িত নয়, পাহাড়িদের মধ্য থেকেও একটি ক্ষুদ্রগোষ্ঠী জড়িত রয়েছে। তারাও লাভবান হচ্ছেন।
পাহাড়ে চলমান নির্যাতন-নিপীড়ন ও দখলদারিত্ব শুধু পাহাড়িদের নয় বৃহত্তর জনগোষ্ঠীকেও ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “পাহাড়ের অধিবাসীদের সবাইকে জুম্ম বলা হয়। তাদের মধ্যেও বিভেদ তৈরি হয়েছে। লড়াইয়ে ঐক্য না থাকায় লক্ষ্য অর্জিত হচ্ছে না। পাহাড়িদের নিজেদের মধ্যে যেমন ঐক্য প্রয়োজন, তেমনি সমর্থকদের সাথেও ঐক্য গড়া দরকার।”
দীঘিনালা ভূমিরক্ষা কমিটির ব্যানারে শান্তিপূর্ণ পদযাত্রায় হামলার, আটকদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ দাবিতে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
এছাড়াও বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর সরিয়ে নেওয়া এবং উচ্ছেদ-হওয়া ২১ পরিবারকে জমি ফিরিয়ে দেওয়ার দাবিও তুলে ধরা হয়।
সমাবেশে মানবাধিকারকর্মী ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া বলেন, “দেশের সবচেয়ে ভাল, লোভনীয় জমি অবৈধভাবে সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে। দেশের সংবিধানে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে কোনো সংস্থাকে জমি দেওয়ার বিধান নেই।”
পরে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
দীঘিনালা ভূমিরক্ষা কমিটির সভাপতি পরিতোষ চাকমার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, দীঘিনালা উপজেলার ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা।
