হেফাজতে আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘আত্মহত্যা’
রাজধানীর পুরান ঢাকায় পুলিশের হেফাজতে ডাকাতির মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
নিহত জাহাঙ্গীর (২৪) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর শাহপুর গ্রামের আমির হোসেনের ছেলে। সে ইসলামবাগের আলীরঘাট মাদরাসা গলিতে আলি বাবুর্চির বাড়িতে ভাড়া থাকতো।
শুক্রবার সন্ধ্যায় চকবাজার থানার হাজতখানায় তার মৃত্যু হয়, যেটাকে ‘আত্মহত্যা’ বলে দাবি করছে পুলিশ।
চকবাজার থানার ওসি মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরকে ওই এলাকা থেকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে পাঠিয়ে একটি ডাকাতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে নেওয়া হয়।
“সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ৬টা ৫৫ মিনিটে বিদ্যুৎ ফিরে এলে হাজতখানায় গিয়ে জাহাঙ্গীরের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। টয়লেটের খোলা দরজার সঙ্গে হাজত খানার কম্বল দিয়ে গলায় ফাঁস দেয় সে। হাজতখানার টয়লেটে কোনো ছাদ না থাকায় দরজায় কোনো কিছু বাঁধা যায়।”
সেই সুযোগ নিয়েই জাহাঙ্গীর গলায় ফাঁস দিয়ে ঝুলে জাহাঙ্গীর আত্মহত্যা করে বলে দাবি তার।
তবে ওই সময় বিদ্যুৎ না থাকায় থানার সিসিটিভিতে ঘটনাটি ধারণ করা যায়নি জানান ওসি আজিজুল।
জাহাঙ্গীরকে নেশাগ্রস্ত দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “সে আগে কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং জামিনে বের হয়।”
