২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারদের কুশপুতুল পুড়িয়ে ক্ষোভ

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুশপুতুল পুড়িয়েছে বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 09:06 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

শুক্রবার বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে দুই আম্পায়ার পাকিস্তানের আলিম দার ও ব্রিটেনের ইয়ান গৌল্ডের কুশপুতুল পোড়ানোর আগে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ ঘুরে আসেন।

বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি নামে ফেইসবুকভিত্তিক আরেকটি সংগঠন বিকালে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। 

এ সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সঞ্জীবন এস চক্রবর্তী বলেন, “বাংলাদেশ হারেনি, হেরেছে ক্রিকেট। মাশরাফিরা হারেনি, তাদের ষড়যন্ত্র করে হারানো হয়েছে; অন্যায্যভাবে হারানো হয়েছে।”

এর প্রতিবাদে আইসিসিতে কর্মরত সব বাংলাদেশিকে পদত্যাগ করার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানোর দাবি করেন তিনি। 

সঞ্জীবন বলেন, অস্ট্রেলিয়া থেকে আগামী রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট দল দেশের ফিরবে। বিমানবন্দরে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

তিনি বলেল, “বাংলাদেশ ক্রিকেট দলের ওপর বিশ্বের ক্ষমতাধর দেশ হয়ে যে অবিচার করেছে, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি তার প্রতিবাদ জানাই।”

আম্পায়ারদের শাস্তি দাবি করে ঢাকা কমিউনিটি মেডিকেলের শিক্ষার্থী তাসমিয়া ইসলাম বলেন, “বিশ্বকাপে বাংলাদেশের টাইগাররা ভালো খেলেছিল। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে তাদের সাথে অবিচার করা হয়েছে। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ক্রিকেট বিশেষজ্ঞদের সজাগ থাকতে হবে।”

বৃহস্পতিবার মেলবোর্নে ওই ম্যাচে ১০৯ রানে ভারতের কাছে পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়। খেলা চলার মধ্যেই ক্রীড়া ভাষ্যকাররা আম্পায়ারদের দুটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

এর একটিতে রুবেল হাসানের একটি বলকে ‘নো বল’ কল করা হয়, যেখানে ওই বলে রোহিত শর্মাকে তালুবন্দি করেছিলেন বাংলাদেশের ফিল্ডার।

এছাড়া আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেওয়া নিয়েও প্রশ্ন ওঠে, যে বলটি লাইনের ওপর দাঁড়িয়ে ভারতীয় খেলোয়াড় তালুবন্দি করেছিলেন বলে অভিযোগ।

খেলা শেষ হওয়ার পরপরই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামে সমর্থকরা। তাতে দুই আম্পায়ারের বিরুদ্ধে স্লোগান ওঠে।

বিশ্বকাপের এই সময়ে অস্ট্রেলিয়ায় থাকা আইসিসির প্রেসিডেন্ট ও বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন।

তবে আইসিসি শুক্রবার এক বিবৃতিতে আম্পায়ারদের সিদ্ধান্তের পক্ষেই কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়,“নো বল ডাকার সিদ্ধান্তটি ফিফটি-ফিফটি কল ছিল। খেলাধুলার স্পিরিট অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এটাকে অবশ্যই সম্মান করতে হবে।”