এপারের শিল্পীদের ওপারে চান শ্রীকান্ত-শুভমিতা
বাংলাদেশের আধুনিক ও লোক গানের শিল্পীদের নিয়ে ওপার বাংলায় আরও বেশি অনুষ্ঠান আয়োজন হোক এমনটিই চান শ্রীকান্ত আচার্য্য ও শুভমিতা ব্যাণার্জি।
শুক্রবার বিকালে নগরীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলন বাংলা গানের নানা দিক নিয়ে কথা বলেন এই দুই শিল্পী।
শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা এসেছেন তারা।
শ্রীকান্ত বলেন, “বাংলাদেশের দর্শকদের আবেগটা আমাকে খুব বেশি স্পর্শ করে। আগামীকালের অনুষ্ঠানের কথা জেনে অনেক শ্রোতা গানের অনুরোধ পাঠিয়েছেন। আমরা তো গান করি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।”
বাংলাদেশে গান গাওয়ার অনুভূতি জানিয়ে শুভমিতা বলেন, “এক কথায় দারুণ। এখানে গান করতে করতে কখন দু-আড়াই ঘণ্টা চলে যায় তা খেয়ালই থাকে না।
নিজেকে বাংলাদেশের লোক সঙ্গীতের ভক্ত দাবি করে শ্রীকান্ত বলেন, কিরণ চন্দ্র রায়ের গান আমার খুব প্রিয়। কিন্তু কলকাতায় বা ভারতে তার গান খুব বেশি শোনার সুযোগ আমার হয়নি।
“বাংলা ফোক গানের যে বিশাল ভাণ্ডার তা দর্শকদের কাছে পৌঁছাতে হলে কিরণ চন্দ্র রায়ের মত শিল্পীদের অনেক বেশি করে কলকাতায় গান করার সুযোগ করে দিতে হবে।”
শ্রীকান্ত বলেন, “বাপ্পার গানের আমি বড় ভক্ত। কিন্তু ওখানে তাকেও শোনার তেমন সুযোগ হয় না। পাশাপাশি যারা আধুনিক ও ব্যান্ডের গান করেন তাদের অনুষ্ঠানেরও সুযোগ করে দিতে হবে।
“বাংলাদেশের শ্রোতারা শুধু বাংলাদেশে নয় বিশ্বের যেখানেই থাকেন সেখানেই বাংলা গানের পৃষ্ঠপোষকতা করেন। আমি আর শুভমিতার প্রথম একসঙ্গে গান করা আমেরিকায়। সেটাও সেখানকার বাংলাদেশিদেরই আয়োজন ছিল।”
পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মও বাংলাদেশের গানের ব্যাপারে আগ্রহী জানিয়ে শ্রীকান্ত বলেন, তারা ইন্টারনেটে বা নানা রকম সাইটে নানা দেশের গান শোনে। তারা যখন জিজ্ঞেস করে বাংলাদেশের ওই শিল্পীদের গান কোথায় পাব? তখন জবাব দিতে পারি না।
শুভমিতা বলেন, “আমরা যত অনুষ্ঠান করতে এখানে আসি। বাংলাদেশের শিল্পীরা কলকাতায় সে পরিমাণ অনুষ্ঠান করতে যায় না। হয়ত আয়োজকার সেই পরিসরে আয়োজন করতে পারে না। তবে এটা হওয়া খুব বেশি দরকার।”
এরপর উপস্থিত সাংবাদিকদের অনুরোধে শুভমিতা ‘যেভাবেই তুমি সকাল দেখো’ আর শ্রীকান্ত ‘আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম’ গান দুটি পরিবেশন করেন।
শনিবারের অনুষ্ঠানের আয়োজক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন চোধুরী, পরিচালক অনুপ কুমার মিত্র, মো. রোসাঙ্গির, সাব্বির উল আলম চৌধুরী, প্রকৌশলী সিরাজুল ইসলাম ও অনুষ্ঠান সমন্বয়কারী মাহবুবুল আলম।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সন্ধ্যা সোয়া সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন শ্রীকান্ত ও শুভমিতা।
