২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহ উদ্দিনের সন্ধানের ‘গুজব’ চট্টগ্রাম থেকে

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের খবরটি চট্টগ্রাম থেকে মোবাইল ফোনে পুলিশকে জানানো হয়েছিল।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 08:44 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

তবে তার লাশের খোঁজে রাতেই উপজেলার খাটিয়ামারীর চরসহ আশপাশের বিস্তীর্ণ চরাঞ্চলে তল্লাশি চালিয়েও কোনো সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের কাছে টেলিফোন করা হয়েছিল চট্টগ্রাম থেকে। মোবাইল ফোনটি এখন বন্ধ রয়েছে।

“তবে মোবাইল নম্বর সনাক্ত করে ওই ব্যক্তিকে খুঁজে বের করে ভুল তথ্য দেওয়ার জন্য আইনের আওতায় নেওয়া হবে।”

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী এই তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন।

অভিযান শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাটিয়ামারির চরে তল্লাশি করে কিছু না পাওয়ার পর বেলুয়াবাড়ি, খঞ্চপাড়া, বাগবাড়ি, তালতলার চরসহ নদী তীরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালনো হয়।

 রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়ে কিছু না পাওয়ার পর অভিযান শেষ করা হলেও ওই এলাকায় পুলিশের টহল অব্যাহত আছে।

শুক্রবার ফুলছড়ি থানার ওসি মসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে, তারা টহল দিচ্ছেন।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে অজ্ঞাত স্থান থেকে এক মাসের বেশি সময় ধরে বিএনপির নামে বিবৃতি পাঠিয়ে আসা সালাহ উদ্দিনকে গত ১০ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।

তবে সরকারের পক্ষ থেকে সেই অভিযোগ নাকচ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে আটক করতে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

সালাহ উদ্দিনের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার আবেদন জানিয়েছেন উদ্বিগ্ন হাসিনা আহমেদ। তার সন্তানরাও বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার রাতে দুই সন্তানকে নিয়ে গুলশানের কার্যালয়ে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন কক্সবাজারে বিএনপির সাবেক সংসদ সদস্য হাসিনা।

সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং ২০০১ সালে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

দশম সংসদ নির্বাচনের আগে বিএনপির আন্দোলনের সময় একবার সালাহ উদ্দিন এবারের মতোই কর্মসূচি জানিয়ে বিবৃতি দিয়ে আসছিলেন। তখনও তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কিছু দিন কারাগারেও ছিলেন।

তবে এবার তাকে আটকের খবর আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকারের পাশাপাশি বিষয়টি ‘রহস্যময়’ বলে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। 

উত্তরার একটি বাসায় সালাহ উদ্দিন ছিলেন বলে তার স্ত্রীর দাবি। তিনি বলেন, গভীর রাতে সেখান থেকে গোয়েন্দা পুলিশ তার স্বামীকে তুলে নিয়ে যায়।

স্বামীর খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন হাসিনা। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। আগামী ৮ এপ্রিল হাই কোর্টে ওই আবেদনের শুনানির তারিখ রয়েছে।

পুরনো খবর:

সালাহ উদ্দিনের সন্ধানের গুজব