চট্টগ্রামে পোস্টার-ব্যানার অপসারণে অভিযান
তফসিল ঘোষণার আগে সিটি নির্বাচনে মনোয়ন প্রত্যাশীদের লাগানো পোস্টার ও ব্যানার অপসারণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে প্রচারণামুলক সমস্ত পোস্টার, ফেস্টুন ও ব্যানার নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে কমিশনের নির্দেশের পর এ অভিযান শুরু করে সিসিসি।
বুধবার নির্বাচন কমিশন ঢাকা দুই অংশ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।
নগরীর আন্দরকিল্লা মোড় থেকে লালদীঘির পাড়, নিউ মার্কেট মোড় থেকে জুবিলী রোড, সিরাজউদ্দৌলা রোড থেকে বহদ্দারহাট, জিইসি মোড় থেকে সিটি গেইট, জামাল খান সড়ক থেকে মেহেদীবাগ মোড়, সিডিএ এভিনিউ, মুরাদপুর ও স্টেশন রোড এলাকায় এ অভিযান চলে।
এই অভিযানে সিসিসির সাতটি দল কাজ করছে বলে জানান নাজিয়া শিরিন।
অভিযানে উপস্থিত থাকা চট্টগ্রামের সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপসারণের পর কেউ যদি আবার পোস্টারিং করে তাহলে তার বিরুদ্ধে কমিশন যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।
সিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী জানান, ১৮শ পরিচ্ছন্নতা কর্মীকে পোস্টার অপসারণের কাজে লাগানো হয়েছে।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, শুক্রবার রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপর কোনো ব্যানার-পোস্টার থাকলে সেটা আমরা সরিয়ে ফেলব।
এদিকে মনোনয়ন বিতরণের দ্বিতীয় দিনে কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া মেয়দ পদে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ মনোনয়নপত্র নিয়েছেন।
সোলায়মান আলম শেঠ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দল দিলেও প্রার্থী হব, না দিলেও হব। তবে আমি শতভাগ আশাবাদী দল আমাকে সমর্থন দেবে।”
কাউন্সিলর পদে মনোনয়পত্র সংগ্রহকারীরা হলেন তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম, ৯ নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের জহিরুল আলম সবুজ, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ার শহীদুল আলম, ২৩ নম্বর উত্তর পাঠানটুলীর নাসির উদ্দিন ও আসিফ খান, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা আবদুল হালিম ও আবদুল মালেক ও ৪১ নম্বর উত্তর পতেঙ্গার বাহার উদ্দিন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে হালিমা বেগম ও আফরোজা খানম মনোনয়ন নিয়েছেন।
