সঞ্চালন লাইন ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট নানি-নাতির মৃত্যু
রাঙামাটির কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু ও তার নানির মৃত্যু হয়েছে।
কাউখালী থানার ওসি নিলু কান্তি বড়ুয়া জানান, শুক্রবার দুপুরে উপজেলার বেতছড়ি এলাকার পাইনপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বেতছড়ির আজিম উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৪০) ও তার নাতি অনিক (৬)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দুপুরে বেতছড়ি এলাকায় রহিমা তার নাতি অনিককে নিয়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে তাদের উপর পড়ে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে কাউখালীতে বিদ্যুৎ বন্ধ রয়েছে বলে জানান ওসি নিলু কান্তি।
