২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বামপন্থি’ অধ্যক্ষদের বিরুদ্ধে অভিযোগ ছাত্রলীগের

চট্টগ্রামে শিবির ‘নিয়ন্ত্রিত’ দুই কলেজে অস্ত্র মজুদের পিছনে সেখানকার ‘বামপন্থি’অধ্যক্ষদেরও হাত রয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 03:37 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে ‘বামপন্থি’ অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের যোগসাজসে সেখানে ছাত্রশিবির অস্ত্র মজুদের আস্তানা গড়ে তুলেছে বলে অভিযোগ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাদের।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান এ অভিযোগ করেন।

গত বুধবার ভোররাত থেকে টানা ১২ ঘণ্টার মতো নগরীর গণবেকারি ও চন্দনপুরায় চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ক্যাম্পাসে অভিযান চালায় পুলিশ।

চট্টগ্রাম কলেজের দুটি ছাত্রাবাস থেকে নাশকতায় জড়িত সন্দেহে ৭২ শিবির কর্মীকে আটক করে পুলিশ। ক্যাম্পাসে স্টাফ কোয়ার্টার এলাকায় একটি গর্ত থেকে শিবিরের ব্যানারে মোড়ানো নয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পাশের মহসিন কলেজেও অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। ক্যাম্পাসের মধ্যে একটি পাহাড়ি গুহা থেকে আটক করা হয় আট শিবির কর্মীকে।

এ প্রসঙ্গ তুলে ছাত্রলীগ সভাপতি সোহাগ বলেন, “চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসিন কলেজের হোস্টেলগুলোতে বিশাল অস্ত্র ভাণ্ডারের সন্ধান পেয়েছে পুলিশ। কলেজ দুটির অধ্যক্ষ ও প্রতিটি বিভাগীয় প্রধান বামপন্থী ভাবধারায় বিশ্বাসী।

“কলেজ দুটিতে জামায়াত-শিবিরের ক্যাডারদের এই অস্ত্র মজুদের আস্তানা গড়ে তোলার ক্ষেত্রে এ সকল শিক্ষকদের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেখানকার বামপন্থী ও জামায়াত-শিবিরের মধ্যে এক ধরনের যোগসাজস রয়েছে।”

তবে কোন কোন শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি সোহাগ।

গত শতকের আশির দশকের মাঝামাঝি থেকে চট্টগ্রামের দুই কলেজ- চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসিন কলেজ ইসলামী ছাত্র শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কলেজ ক্যাম্পাসের আশপাশের এলাকায় জামায়াতে ইসলামীর সংগঠনটির শক্ত অবস্থান রয়েছে বলে বলা হয়ে থাকে।

চট্টগ্রামের ওই দুটি কলেজের শিক্ষকদের বদলি করে সেখানে ‘প্রগতিশীল ভাবধারায়’ বিশ্বাসী শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়ার দাবি জানান ছাত্রলীগ সভাপতি সোহাগ।

কলেজের ছাত্রাবাস বন্ধ করে মেধার ভিত্তিতে আসন বণ্টনেরও দাবি তোলেন তিনি।

চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আরও অস্ত্রের মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসন চাইলে আমরা তাদের সেই প্রতিষ্ঠানগুলোর তালিকা দিয়েও সহায়তা করতে পারি।”

গত নভেম্বরের শেষ দিকের একটি ঘটনার উল্লেখ করে বদিউজ্জামান সোহাগ বলেন, “চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষক সমিতির এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে ফুল দিতে গেলে কলেজ ফটকে শিবির ক্যাডাররা ছাত্রলীগকে আটকে দেয়। এতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলে এ বিষয়ে তিনি কোনো ধরনের মন্তব্য করেননি।”

শিক্ষামন্ত্রীর ওই নীরবতা ছাত্রলীগের সেখানকার রাজনীতিতে ‘প্রভাব ফেলেছে’ বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ বলেন, “হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে অবস্থানের অন্তরায় হচ্ছে জামায়াত শিবির চক্র ও স্বার্থান্বেষী মহল।

“স্থানীয় একটি মহলের সহায়তায় ও স্বার্থান্বেষী মহলের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিজেই। এসব স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান রাখছি।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শেখ রাসেল, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ উপস্থিত ছিলেন।