জুতার ভিতর ১৬ সোনার বার
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কেজি ওজনের ১৬টি সোনার বার উদ্ধার হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, শুক্রবার সকালে আরব আমিরাতের রাসেল খাইয়াম থেকে আসা জাহাঙ্গীর আলমের কাছে সোনার বারগুলো পাওয়া যায়।
আটক জাহাঙ্গীর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
শুল্ক কর্মকর্তা মোকাদ্দেস বলেন, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে বেলা ১১টার দিকে জাহাঙ্গীর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান।
“গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রিন চ্যানেলে জাহাঙ্গীরকে তল্লাশি করা হয়। এসময় তার জুতার ভেতরে ১৬টি সোনার বার পাওয়া যায়।”
উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য ৯০ লাখ টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানান।
