২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীর ওপর চড়াও আদালত কর্মচারী

মামলার নথি দেখতে গিয়ে বিচারকের কর্মচারীদের কাছে হেনস্তা হয়েছেন ঢাকার আদালতের দুজন আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 12:27 AM

Updated : 25 Apr 2022, 01:09 PM

বৃহস্পতিবার বিকালে লাঞ্ছিত হওয়া এই দুই আইনজীবী হলেন কাউসার আহমেদ জীবন ও সুবীর নন্দী।

ঘটনাটি ঘটার পর ঢাকার জেলা প্রশাসক ভবনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়, যে ভবনে নির্বাহী হাকিমরা বসেন। পরে আইনজীবী নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়। 

আইনজীবী সুবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা একটি মামলার নথি দেখতে জেলা প্রশাসন ভবনে নির্বাহী হাকিম অমিত দেবনাথের কার্যালয়ে গিয়েছিলেন।

“বিচারকের কর্মচারিরা এর বিনিময়ে ঘুষ দাবি করলে আমরা প্রতিবাদ করি। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই বিচারকের কর্মচারীরা আমাদের মারধর শুরু করেন।”

ঘটনার প্রত্যক্ষদর্শী মোস্তাফিজুর রহমান ‍সুজন নামে এক আইনজীবী বলেন, “বিকাল সোয়া ৪টার দিকে এই ঘটনা ঘটেছে আমার চোখের সামনেই।”

আইনজীবী গোলাম রব্বানী বলেন, “প্রহারের পর এই দুই আইনজীবীকে ওই বিচারকের কর্মচারীরা বেশ কিছুক্ষণ একটি কামরায় আটকেও রেখেছিল।”

এই ঘটনা শুনে পাশের অন্য সব আদালত ভবন থেকে আইনজীবীরা জেলা প্রশাসক ভবনে গিয়ে দায়ীদের শাস্তির দাবিতে স্লোগান দিতে শুরু করেন।

এরপর বিকাল ৫টার দিকে ঢাকা বারের নেতারা গিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। তারপর তাদের আশ্বাসে বিক্ষোভরত আইনজীবীরা শান্ত হন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, সাত দিনের মধ্যে ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”

সুবীর নন্দী ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাম্প্রতিক নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী সাইদুর রহমান মানিকের সহকারী আইনজীবী।