২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ উইকেট পড়তেই হার্ট অ্যাটাক

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও ভারতের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাটোরের এক ক্রিকেট ভক্ত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 10:12 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

মৃত উজির আলী (৪৫) নাটোরের লালপুর পৌর এলাকার কেশবপুর মহল্লার প্রয়াত রমজান আলীর ছেলে।

উজির আলীর ছোটভাই বখতিয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার নিজ ঘরে বাংলাদেশ-ভারত ক্রিকেট খেলা দেখছিলেন উজির।

বাংলাদেশ দলের ব্যাটিংয়ের এক পর্যায়ে ঘন ঘন উইকেট পতন শুরু হলে তিনি উত্তেজনায় ঘরের মধ্যে পায়চারি করতে থাকেন।

বাংলাদেশের শেষ উইকেট পড়ার সঙ্গে সঙ্গে তিনি বুকে হাত দিয়ে আর্তনাদ শুরু করেন এবং ঘরের মেঝেতে পড়ে যান।

ওই সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করার কথা জানালে পরিবারের সদস্যরা তাকে নিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন।

কিন্তু কিছুদূর যাওয়ার পরই তার মৃত্যু হয় বলে বখতিয়ার জানান।

বখতিয়ার হোসেন আরও জানান, তার ভাই পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি খেলাপাগল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশ মানুষ তাদের বাড়ি ছুটে আসেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।