প্রথম দিনে চট্টগ্রামে মেয়র পদে ২টি মনোনয়নপত্র সংগ্রহ
প্রথম দিনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র পদে দুজন ও কাউন্সিলর পদে ৫৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র সংগ্রহকারীদের মধ্যে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কয়েকজন কাউন্সিলরও আছেন। কাউন্সিলরদের মধ্যে ৫৪ জন পুরুষ ও তিন জন নারী।
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী দুজন হলেন বিএনএফ এর মহাসচিব আরিফ মঈনুদ্দিন ও গাজী মো. আলাউদ্দিন।
তফসিল ঘোষণার পরই বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপি সমর্থিত কাউন্সিলররা নির্বাচনে অংশগ্রহণে আগ্রহের কথা জানান।
এদিকে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড-পোস্টার তুলে নিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষে সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
এজন্য শনিবার রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে বৃহস্পতিবার বিকাল থেকে নগরীতে মাইকে প্রচার করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পরই কারো ব্যানার-পোস্টার থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
“সিটি করপোরেশনকে জানিয়েছি। তারা কাজ শুরু করেছে। মাইকিংও করা হচ্ছে। প্রথম দিনে মোট ৫৯ জন নানা পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।”
সংরক্ষিত নারী কাউন্সিলর পদের তিন সম্ভাব্য প্রার্থী হলেন বর্তমান দুই কাউন্সিলর রেখা আলম চৌধুরী ও ফেরদৌস বেগম মুন্নি এবং আফরোজা জহুর।
নগরীর দুই নম্বর জালালাবাদ ওয়ার্ডে মাহবুবুল আলম, চার নম্বর চান্দগাঁও ওয়ার্ড থেকে দিদারুল আলম, ছয় নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর বিএনপি সমর্থিত মুহাম্মদ হাসান লিটন ও মুহাম্মদ মহিউদ্দিন, সাত নম্বর পশ্চিম ষোলশহর থেকে রফিউল হায়দার চৌধুরী ও ইয়াকুব হোসেন মনোনয়ন সংগ্রহ করেছেন।
আট নম্বর শুলকবহর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জামায়াত সমর্থিত শামসুজ্জামান হেলালী, মো. নুরুল ইসলাম, রাশেদুল আজম, হাসান চৌধুরী ও শাহজাহান সুফী মনোনয়ন সংগ্রহ করেছেন।
নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, সুজিত দাশ, শেখ আবদুল মান্নান মনোনয়নপত্র নিয়েছেন।
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে শামসুল আলম, সৈয়দ জামান ও মো. আসলাম হোসেন, ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডে মো. ফয়সাল মালিক, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে সহীদুল ইসলাম, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে দিল মোহাম্মদ, ১৯ দক্ষিণ বাকলিয়া থেকে এস এম দিদারুল আলম ও এস এম শহিদুল্লাহ এবং ২০ নম্বর দেওয়ানবাজার থেকে আবদুস সবুর।
২১ নম্বর জামালখান ওয়ার্ডের মো. আইউব, শৈবাল দাশ সুমন ও রাজীব দাশ সুজয়, ২৩ নম্বর উত্তর পাঠানটুলীর শেখ আহমদ জাহেদ, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের নাজমুল হক, ২৬ নম্বর উত্তর হালিশহরের আশফাকুল আলম, আবেদ মনসুর চৌধুরী ও জানে আলম বাদশা।
২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদের এবিএম মাসুম আহমেদ, নুর আহমদ মিঠু, শফিকুর রহমান, এস এম জাকির হোসেন ও হোসেন আহম্মেদ, ২৮ নম্বর পাঠানটুলীর বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাদড়ি মো. মহসিন, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ির মাসুদুর রহমান, ৩২ নম্বর আন্দরকিল্লার আশীষ ভট্টাচার্য্য মনোনয়ন পত্র নিয়েছেন।
৩৫ নম্বর বক্সিরহাটের বর্তমান কাউন্সিলর হাজী নুরুল হক, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গার আমিনুল ইসলাম, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহরের বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ও ৪১ নম্বর উত্তর পতেঙ্গার জাহিদ আকতার মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এছাড়া ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের মোহাম্মদ আসলাম, জাহিদ হোসেন, জাবেদুল ইসলাম, দিন মোহাম্মদ দিলু, নেছার মিয়া ও বেলাল মৃধা মনোনয়ন পত্র নিয়েছেন।
