২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নারীদের আইসিটি প্রশিক্ষণ প্রদান

ফেনীতে সরকারিভাবে নারীদের দুই সপ্তাহের তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

আইসিটি মন্ত্রণালয়ের অধীনে ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্প’ শিরোনামের এ প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয় বৃহস্পতিবার।  

ফেনী শহরের গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট চত্বরে সদর উপজেলার বালিগাঁও ও পাঁচগাছিয়া ইউনিয়নের ২০ জন করে ৪০ জন প্রশিক্ষিত নারীকে সনদপত্র দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক।

সরকারি এ প্রকল্প বাস্তাবায়ন করেছে বেসরকারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টাল টেকনোলজি বাংলাদেশ’ ও ‘রেইজ আইটি সলুশনস লিমিটেড’।

রেইজ আইটি সলুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম রাশেদুল মজিদ জানান, গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১৫ দিন করে দুই ব্যাচের ‘বেসিক আইটি/আইসিটি লিটারেসি’ প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের কম্পিউটারের ওপর বেসিক প্রশিক্ষণের পাশাপাশি ঘরে বসে আয় করার উপায়ও শিখানো হয়। 

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত ও শ্রম র্নিভর অর্থনীতিকে প্রযুক্তি র্নিভর অর্থনীতিতে রূপান্তর করতে সরকারি উদ্যোগে ৫৫ হাজার শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং পেশায় উন্নত ও সময়পোযোগী ট্রেনিং দেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে ফেনী সদর উপজেলার বালিগাঁও ও পাঁচগাছিয়া ইউনিয়নে ৪০ জন নারীকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান রাশেদুল।

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসীম উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বাহার, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, স্থানীয় সাংবাদিক আবু তাহের প্রমুখ।

জিনাত নুরী সুলতানা প্রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেইজ আইটি সলুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম রাশেদুল মজিদ।