২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামের শিক্ষার্থীদের ধরে রাখা বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলোতে শিক্ষার্থী ধরে রেখে সুশিক্ষায় শিক্ষিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 07:57 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

তিনি বলেছেন, “দেশের গ্রামগুলোতে স্কুল ছিলো না।  আমরা গ্রামগুলোতে স্কুল স্থাপন করেছি, সেই স্কুলগুলোতে ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে।  বছরের শুরুতেই সব বাচ্চাদের হাতে বইও পৌঁছে দিয়েছি আমরা।

“এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইসব স্কুলগুলোতে শিক্ষার্থীদের ধরে রাখা এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা।”

বৃহস্পতিবার রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ‘শিক্ষার বৈপ্লবিক উন্নয়নে বর্তমান সরকার’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

হরতালে শিক্ষার্থীরাই সবচেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমি হরতালকারীদের অনুরোধ করেছিলাম যেন, পরীক্ষার আগের দুই ঘণ্টা আর পরের দুই ঘণ্টা হরতাল শিথিল করে। কিন্তু তারা তা শোনেন নাই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “যারা হরতাল-অবরোধ করছে তাদের এই কর্মসূচিতে অন্য কোনো কিছুই আটকে নেই। অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক, এমনকি যারা হরতাল ডেকেছেন তাদের মালিকাধীন শপিং মল, হোটেল কোনো কিছুই বন্ধ নেই। কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনা থেমে আছে।

“যারা এই হরতাল ডেকেছেন তারা এই কাজটা বেশ সফলভাবেই করছেন। কারণ আমি আগেই বলেছি, একটি দেশকে ধ্বংস করার সবচেয়ে ভালো উপার হলো সে দেশের শিক্ষাব্যবস্থাকে বিপর‌্যস্ত করে ফেলা।”

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) জাতীয় প্রতিনিধি সভা-২০১৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরে মূল প্রবন্ধ পাঠ করেন স্বাশিপের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন স্বাশিপের সদস্য শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী ও অধ্যাপক সাজেদুল ইসলাম।