মানিকগঞ্জে চালক খুন, মোটরসাইকেল ছিনতাই
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যুবককে হত্যার পর তার মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ত্রিসুন্দী এলাকা থেকে আখিনুর ইসলামের (১৮) লাশ উদ্ধার করা হয়।
নিহত আখিনুর দৌলতপুর উপজেলার ব্রাহ্মণদী গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
আটকরা হলেন, সিংগাইর উপজেলার ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮) ও ঢাকার সাভারের ভাটপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ছানোয়ার হোসেন (২০)।
শিবালয় থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, বুধবার রাতে ৯টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল পারুলিয়া এলাকা থেকে দুই যাত্রী নিয়ে আখিনুর ত্রিসুন্দী খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ওই সময়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাত ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ ওই দুজনকে আটক করে টহল পুলিশ।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ওই খেয়াঘাটের পাশে একজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
