চুয়াডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হন আরও চারজন।
আলমডাঙ্গা থানার ওসি মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেনপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত আশরাফ আলী (৪০) হোসেনপুর গ্রামের ইয়াসেফ মণ্ডলের ছেলে।
আহত বিপ্লব হোসেন, আকমান আলী, ইদ্রিস আলী ও আব্দুল মান্নানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মামুন অর রশিদ বলেন, সকালে আশরাফ আলী, বিপ্লব হোসেনসহ ৬/৭ জন গ্রামের ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ রেজাউল হোসেন, আব্দুস সালাম, ডালিম হোসেন ও ফজলু মিয়াসহ ১৫/২০ জন দেশি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
এতে আশরাফ আলী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
