২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মেলায় নিহত ২ যুবকের পরিচয় মিলেছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে বারুনীর মেলায় নিহত দুই যুবকের পরিচয় মিলেছে, যারা বুধবার বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা যান।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 03:52 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

এরা হলেন- বাগেরহাট সদর উপজেলার পূর্ব সাহারা গ্রামের নলীন মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল (২৭) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামের মো. আব্দুল আজিজ খলিফার ছেলে মো. শহীদ খলিফা (২৫)।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই রথীন্দ্র নাথ তরফদার জানান, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই ঘটনায় গুরুতর আহত ফারুক (৩৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়।

বুধবার ভোররাত থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৪তম জম্মজয়ন্তী উপলক্ষে স্নান উৎসব ও পাঁচ দিনব্যাপী মহাবারুনী মেলা শুরু হয়।

ওইদিন সকালে মেলার মধ্যে একটি ফাঁকা জমিতে বসে বেলুন ফোলানের সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান পলাশ ও শহীদ। মেলায় তারা বেলুন বিক্রি করতে এসেছিলেন।