‘তদবিরবাজ’ প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের
বদলি, পদোন্নতি বা ছুটির জন্য প্রকৌশলীরা ‘রাজনৈতিকভাবে’ তদবির করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “বিআরটিসি, বিআরটিএ বা সড়ক ও জনপথ হোক, ইঞ্জিনিয়ারদের কারও জন্য যদি পলিটিক্যাল তদবির আসে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
প্রকৌশলীদের তদবির বেড়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, “তদবির অনেক কমে গেছে, কিন্তু মাঝে মাঝে তদবির আসে, যা বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।
“আমাদের ইঞ্জিনিয়াররা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ছুটি না চেয়ে পলিটিক্যাল তদবরি করেন। তাদের উদ্দেশ্যটা কি? এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা আমরা অ্যালাও করব না।”
মানবিক বিষয়ে ‘রাজনৈতিক তদবিরের’ প্রয়োজন হয় না মন্তব্য করে কাদের বলেন, “প্রমোশন ও বদলি তদবিরের ক্ষেত্রে মানবিক দিকগুলো আমরা গুরুত্ব দেই। যার জন্য পলিটিক্যাল তদবির হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু মানবিক বিষয়গুলো আমরা বিবেচনায় নেব।”
বর্ষা মৌসুম ও ঈদুল-ফিতর সামনে রেখে সড়ক-মহাসড়ক যান চলাচলের উপযোগী করতে প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সামনে এ বিষয়ে কথা বলেন।
ঠিকাদাররা সময়মত কাজ বুঝিয়ে দিতে ব্যর্থ হলে তাদের কার্যাদেশ বাতিল এবং প্রয়োজনে কালো তালিকাভুক্ত করতে বৈঠকে প্রকৌশলীদের নির্দেশনা দেন মন্ত্রী।
সড়ক-মহাসড়কের কাজের মানে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “বর্ষা শুরু হওয়ার সাথে সাথে কাজের মানের অবনতি হয়েছে- এমন যেন দেখতে না হয়, সে বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি।”
বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির বর্ণনা দিয়ে ওবায়দুল কাদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের ১২০ কিলোমিটার কাজ শেষ হয়েছে, ২৩টি সেতুর মধ্যে ১৮টি, ২৪৩টি কালভার্টের মধ্যে ২৩৪টি এবং ১৪টি বাইপাসের ৩২ কিলোমিটারের মধ্যে ২৫ কিলোমিটারের কাজ শেষ হয়েছে।
অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
