২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের সংলাপের কথা বললো জাতিসংঘ

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ জানিয়ে সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 02:17 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উদ্বেগের কথা জানান।

তবে গত নয় দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে প্রশ্নের  কোনো জবাব দেননি তিনি।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বাংলাদেশে ‘গুমের’ ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেন।

“অতি সম্প্রতি সাবেক এক প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় মুখপাত্রকে আইনশৃঙ্খলা বাহিনী অপহরণ করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। তবে সরকার অস্বীকার করছে। আজ আট হতে চললেও তিনি কোথায় আছেন তা কেউ জানে না।”

এ বিষয়ে জাতিসংঘ কোনো উদ্যোগ নিচ্ছে কি না তা জানতে চান তিনি।

জবাবে ফারহান হক বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে এ বিষয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি। স্টেফানে ও আমি জাতিসংঘের উদ্বেগের কথা বলেছি এবং বাংলাদেশ নিয়ে উদ্যোগের কথা বলেছি- যেসব বিষয়ে আপনারা অবগত।

“এ বিষয়ে আমার নতুন কিছু বলার নেই। তবে আপনি এখানে যা বললেন তা নিয়ে উদ্বেগ রয়েছে, যা নিয়ে আমরা কথা বলেছি।”

পরিস্থিতির উত্তরণে সব পক্ষের আলোচনার পাশাপাশি বাক স্বাধীনতা, সমাবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

“এসব বিষয় নিয়ে আমরা অব্যাহতভাবে কর্তৃপক্ষকে বলে আসছি এবং  এগুলোর কোনোটির ব্যতয় ঘটলে অবশ্যই আমরা উদ্বিগ্ন হবো।”