২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাস ফাঁকা, টেলিভিশনের সামনে ঠাঁই নাই

প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। কয়েকদিন ধরে চড়তে থাকা উত্তেজনার হলকা বয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 01:45 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

ভারত-বাংলাদেশ ক্রিকেট লড়াইকে ঘিরে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুনসান প্রায়। তবে মধুর ক্যান্টিন আর হলগুলোর টেলিভিশন কক্ষে পুরো উল্টো চিত্র। তিল ধারণের জায়গা নেই কোথাও।

নিতান্তই যারা টেলিভিশনের সামনে বসতে পারেননি, তাদেরও দেখা গেছে কানে হেডফোন লাগিয়ে রেডিওর ধারাভাষ্য শুনতে।

সকাল ১০টার দিকে টিএসসি এলাকায় জাতীয় পতাকা নিয়ে ক্রিকেট দলের সমর্থনে মিছিলও করেন শতাধিক তরুণ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মধুর ক্যান্টিন ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়েছে ছাত্র রাজনীতি, সেখানেও এখন আলোচনা আর উত্তেজনা শুধু ক্রিকেট নিয়ে।

খেলার কাছে যেন ঘুঁচে গেছে সব বিভেদ। সবাই একসঙ্গে গলা ফাটাচ্ছেন মাশরাফিদের সমর্থনে। সবারই আশা, জিতবে বাংলাদেশ, প্রথমবারের মতো পা রাখবে সেমিফাইনালে।

ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক বলেন, ‘‘আশা করি, লাল-সবুজে বাংলাদেশ অশব্যই জিতবে। মাশরাফিরা ভালো খেলছে। তাদের খেলার ধরন আজ অনেকটা পাল্টে গেছে, জিতবেই বাংলাদেশ। টাইগার্স, পাশে আছি তোমাদের।”

Image
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি বলেন, “আমাদের প্রত্যাশা বাংলাদেশ জিতবে, ওরা ভালো খেলছে, তাদের কাছ থেকে আমরা ফাইনালের আশা করি।’’

জগন্নাথ হলের টেলিভেশন কক্ষে কথা হলো আইন বিভাগের শিক্ষার্থী জয়দেব বসুনিয়ার সঙ্গে।

বললেন, “ভারতের সাথে জিততে হলে আমাদের বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং ভালো করতে হবে। গত ম্যাচগুলো মাশরাফিরা অনেক ভালোই করেছে। আশা করি বাংলাদেশ জিতুক, আমাদের প্রত্যাশা পূরণ করুন।’’

বিশ্বকাপে বাংলাদেশের এবং নিজের ক্যারিয়ারে টানা দুই সেঞ্চুরি করা মাহমুদুল্লাহর কাছে এই ম্যাচেও শতক চান রোকেয়া হলের শিক্ষার্থী ওয়াসিকা সেফিন।

মাশরাফিদের শুভকামনা জানিয়ে তিনি বলেন, “এগিয়ে যাও মাশরাফি, এগিয়ে যাও টাইগারস।’’