চট্টগ্রামে ইমন হত্যা মামলায় আরেকজন গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াছিন আরাফাত ইমনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে নগরীর ডিসি রোড এলাকা থেকে মো. ইলিয়াছ নামের ৩৪ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে ১০ মাস আগের ওই হত্যাকাণ্ডে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হল বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
ইলিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার আদালতে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
তিনি জানান, এর আগে গ্রেপ্তার চারজন এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত বছরের ৪ মে বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র ইয়াছিন আরাফাত ইমন গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় ৭ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
অভিযোগ ছিল, ফয়সাল হোসেন রানা নামে এক যুবকের নেতৃত্বে একদল যুবক দেওয়ান বাজার এলাকায় ছিনতাই করতে গেলে ইমনসহ অন্যরা তাদের ধাওয়া করে। এর জের ধরে পরে তারা হামলা চালালে ইমন গুলিবিদ্ধ ও আরেকজন আহত হন।
এ ঘটনায় ইমনের মা বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
মামলায় ইলিয়াছের নাম না থাকলেও বিভিন্ন সময়ে গ্রেপ্তারদের জবানবন্দিতে তার নাম এসেছে বলে জানান ওসি।
