২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থনায়, শোভাযাত্রায় পতাকা হাতে শুভকামনা

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ক্রিকেট ‘যুদ্ধকে’ সামনে রেখে সাকিবের জেলা মাগুরায় চলছে টান-টান উত্তেজনা।

অলোক বোস

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 12:08 AM

Updated : 12 Oct 2022, 03:27 PM

শহরের চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি আড্ডার বিষয়বস্তু বাংলাদেশের জয় এবং প্রিয় সাকিব আল হাসান।

দলের শুভকামনায় বুধবার বিকালে মাগুরা শহরে মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা।

মাগুরা ক্রিকেট একাডেমির পরিচালক ও সাকিব-আল-হাসানের ছোট বেলার শিক্ষক সাদ্দাম হোসেন গোর্কি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রিকেট একাডেমির পক্ষ থেকে শহরের সেগুন বাগিচায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

সেখানে তিনি তার একাডেমির প্রশিক্ষণার্থী ক্রিকেটারসহ শহরের ক্রিকেটপ্রেমীদের নিয়ে খেলা উপভোগ করবেন।

এছাড়া বাংলাদেশ দল বিজয়ী হলে তাৎক্ষণিকভাবে মাগুরা শহরে আনন্দ মিছিল বের করা হবে বলে সাদ্দাম হোসেন জানান।

মাগুরা শহরের আদর্শ কলেজের প্রভাষক মুরাদ হোসেন জানান, বাংলাদেশের খেলা দেখার জন্য বৃহস্পতিবার তিনি বাসায় প্রাইভেট পড়াবেন না। সকালে কলেজে গিয়ে বড় পর্দায় খেলা দেখবেন।

এদিন তিনি কাজের তালিকায় ক্রিকেটের বাইরে অন্য কিছু রাখতে চান না।

বাংলাদেশ দল জয় লাভ করলে তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত সবাইকে তিন মিষ্টি খাওয়াবেন বলে জানান ওই কলেজ শিক্ষক।

সাকিব আল হাসানের বাবা মাসরুম রেজা কুটিল ও  মা শিরিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বাড়িতে বসে ক্রিকেট খেলা দেখবেন। নামাজ পড়ে দোয়া করবেন বাংলাদেশ দলের সাফল্য কামনা করে।

বাংলাদেশ দল জয়লাভ করে এমন প্রত্যাশা করে দেশবাসীর দোয়া চেয়েছেন সাকিবের বাবা-মা।