২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারারক্ষীকে ফাঁকি দিয়ে পালাল কয়েদি বিমান সেনা

কারাবন্দি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিমান বাহিনীর এক সদস্য পালিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

কারা কর্মকর্তারা জানান, বুধবার হাসপাতাল থেকে রেজাউল করিম রানা (২৯) নামে ওই কয়েদি পালিয়ে যান।

এক্ষেত্রে দায়িত্বে অবহেলার জন্য দুই কারারক্ষী জাকির হোসেন ও ক্ষিতিশ চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষক ফরমান আলী জানিয়েছেন।

বিমান বাহিনীর সদস্য রানাকে বাহিনীর আদালতে এক বিচারে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সাজা খাটতে গত বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রানাকে আনা হয় বলে কারা কর্মকর্তা ফরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বন্দি অবস্থায় কিডনির রোগ ধরা পড়লে গত ৯ ফেব্রুয়ারি কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রানাকে।

হাসপাতালে প্রিজন সেলে ছিলেন রানা। দুই কারারক্ষীকে সর্বক্ষণ তার পাহারায় রাখা হয়েছিল। তাদের ফাঁকি দিয়ে বুধবারর দুপুরে পালিয়ে যান রানা।

ফরমান আলী বলেন, “তাদের (জাকির ও ক্ষিতিশ) গাফিলতির কারণে রানা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।