২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জোরপূর্বক বন্ধ্যাকরণ’, ৫ জনের বিরুদ্ধে মামলা

নীলফামারীর জলঢাকায় এক গৃহবধূকে জোরপূর্বক স্থায়ী বন্ধ্যা করার অভিযোগে দুই চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 08:08 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

বুধবার ওই গৃহবধূর স্বামী মিজানুর রহমান বাদী হয়ে নীলফামারী মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদী মিজানুর।

মামলার আসামিরা হলেন- জলঢাকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. সাখায়াৎ হোসেন, উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. জাহিদ হাসান লস্কর, কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পাটোয়ারী, সেবিকা কুলসুম বেগম ও পরশমনী।

এ বিষয়ে মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গেল ১২ মার্চ আসামিরা তার স্ত্রীকে (সুমি বেগম) ছয় মাসের অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের জন্য একটি ইনজেকশন দেওয়ার কথা বলে জলঢাকা পরিবার পরিকল্পনা ক্লিনিকে নিয়ে যান।

পরে জোরপূর্বক অস্ত্রোপচারের মাধ্যমে স্থায়ী বন্ধ্যাকরণ করেন। এরপর থেকে সুমি অসুস্থ্ অবস্থায় জলঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে বলে জানান তিনি।