নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মৃত সুমাইয়া আক্তার (৫) উপজেলার তারাশী গ্রামের কামাল শেখের মেয়ে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তারাশী গ্রামের একটি পুকুর থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে তাদের ডুবুরি দল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে তারাশী গ্রাম থেকে সুমাইয়া নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে সুমাইয়াকে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির পাশের একটি পুকুরে তল্লাশি চালায়।
এরপর খবর দেওয়া হলে মঙ্গলবার রাত ৮টা থেকে তল্লাশি শুরু করে বুধবার সকালে শিশুটির লাশ পায় ফায়ার সার্ভিসের ডুবরি দল।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ডুবরি দল না থাকায় শিশুটিকে উদ্ধারে খুলনা ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেওয়া হয় বলে জানান তিনি।
