জয় প্রত্যাশায় পতাকা শোভাযাত্রা
মেলবোর্নেও যেন লাল-সবুজ পতাকা উড্ডীন থাকে, সেই প্রত্যাশায় ঢাকায় জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় নামলেন এক দল তরুণ-তরুণী।
‘বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি’ নামে ফেইসবুকভিত্তিক এই গ্রুপটি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শোভাযাত্রা বের করলে অনেক ক্রীড়ামোদি তাদের সঙ্গে যোগ দেন।
আর একদিন বাদেই বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মাশরাফিদের প্রতি শুভকামনা জানান।
বিকেল সোয়া ৫টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে চত্বর হয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে টিএসসিতে ফিরে আসেন শোভাযাত্রাকারীরা। রাজু ভাস্কর্যে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় তাদের কর্মসূচি।
এ শোভাযাত্রায় অংশগ্রহণকারী নাঈম ইসলাম ভারতকে হারানোর আশা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “অবশ্যই বাংলাদেশ জিতবে, মাশরাফিরা জিতলেই আমরা জিতব।”
“শুধু জিতলে যে আমরা তাদের সাথে থাকব তা নয়, হারলে আছি তোমাদের পাশে,” বলেন তিনি।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও এই শোভাযাত্রায় অংশ নেন, যাদের আন্দোলনও শুরু হয়েছিল ফেইসবুকের মধ্য দিয়ে সংগঠিত হয়ে।
ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেল, “তরুণদের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। কারণ ম্যাচ জেতার পর তো শুভ কামনা জানানোর কিছু থাকে না। বরং ম্যাচের আগেই কিছু করা হলে ক্রিকেটাররা অনুপ্রাণিত হতে পারেন।”
বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শোভাযাত্রা শুরুর আগে বিকাল ৪টা থেকে টিএসসির সড়ক দ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যর সামনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান আয়োজক বিসিএফইউ সদস্যরাই।
