তফসিল চূড়ান্ত করতে বসেছে ইসি
দীর্ঘ আট বছর ঝুলে থাকা ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
সব ঠিক থাকলে বুধবারই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এমন এক সময়ে এই তফসিল হচ্ছে, যখন আগাম জাতীয় নির্বাচনের দাবিতে সারা দেশের বিএনপি জোটের টানা অবরোধ ও হরতাল চলছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, তারা ভোটের যে দিন তারিখ প্রস্তাব করেছেন তার ওপর বৈঠকে আলোচনা হওয়ার কথা।
২৮ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে একসঙ্গে ভোটের দিন রেখে ও্ প্রস্তাব সাজানো হয়েছে।
এতে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য ২৯ মার্চ শেষ তারিখ রেখে ১ ও ২ এপ্রিল যাচাই-বাছাই এবং ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রাখার প্রস্তাব করা হয়েছে।
বুধবার বেলা আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশনের এই বৈঠক শুরু হয়েছে।
অপর চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো শাহনেওয়াজ এবং ইসি সচিব মো. সিরাজুল ইসলামও এতে অংশ নিচ্ছেন।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, বৈঠকের পর ইসির সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।
কমিশনের কর্মকর্তারা জানান, বৈঠকে ভোটের তারিখ নির্ধারণের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম নিয়ে আলোচনা হবে।
গত ২৩ ফেব্রুয়ারি ঢাকায় ভোট করার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ কমিশনকে অনুরোধ জানায়। এ তফসিলের মাধ্যমে আট বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা ঢাকায় সিটি করপোরেশন নির্বাচন হতে যাচ্ছে।
এর আগে ২০০২ সালে ঢাকা সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়। তার মেয়াদ ২০০৭ সালে পূর্ণ হলেও নানা জটিলতায় আটকে থাকে নির্বাচন।
এরপর ২০১১ সালের নভেম্বরে ঢাকা সিটিকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণে আলাদা সিটি করপোরেশন গঠন করা হয়। পরের বছর ২৪ মে ভোটের তারিখ রেখে কাজী রকিবের কমিশন একবার তফসিলও ঘোষণা করে। কিন্তু সীমানা জটিলতা নিয়ে আদালতের আদেশে তা স্থগিত হয়ে যায়।
আর চট্টগ্রামে ২০১০ সালের ১৭ জুন সর্বশেষ ভোট হয়। সে অনুযায়ী আগামী জুলাইয়ের মধ্যে চট্টগ্রামেও নির্বাচন করতে হবে।
