২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল নিয়ে বুধবার ইসির বৈঠক

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটের তারিখ নির্ধারণে বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 10:56 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

মঙ্গলবার রাতে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল [বুধবার] বেলা আড়াইটায় কমিশন সভা হবে। সিইসি’র সভাপতিত্বে ওই বৈঠকে চার নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

ওই বৈঠকের পরেই তফসিল ঘোষণা করা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, বিকালে তফসিল হবে নাকি পরের সপ্তাহে হবে তা কমিশন পর্যালোচনা করবে।

ইসি কর্মকর্তারা জানান, সিইসির নির্দেশনা পাওয়ার পরই সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের ফোন করে কমিশন সভার বিষয়টি জানানো হয়। তবে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে কমিশন সভার নোটিস জারি করা হবে।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনে ভোটের তারিখ রাখার ইঙ্গিত দিয়েছেন।

কমিশন ভোট আয়োজনে ২৫ এপ্রিল থেকে ৭ মের মধ্যে উপযুক্ত সময় খুঁজছে বলে আভাস পাওয়া গেছে ইসি কর্মকর্তাদের কাছ থেকে।

এদিকে তফসিল ঘোষণা না হলেও বিলবোর্ড, ফেস্টুন আর ব্যানারের মাধ্যমে প্রচার প্রচারণায় নিজেদের এগিয়ে রাখছেন সম্ভাব্য প্রার্থীরা।

ঢাকা উত্তরে ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে ভোটার রয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আর দক্ষিণে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন।

এছাড়া চট্টগ্রামে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার রয়েছে।