২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা যেত মিষ্টির প্যাকেটে

চট্টগ্রামের এক যুবদল নেতার নির্দেশে তৈরি হতো বোমা; পরে নিরীহ দর্শন মিষ্টির প্যাকেটে ভরে সেই বোমা পৌঁছে দেওয়া হতো নির্ধারিত স্থানে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 03:03 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

মঙ্গলবার রাতে নগরীর টাইগারপাস ও পাহাড়তলি এলাকা থেকে এক বোমার কারিগরসহ তিনজনকে গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এ তথ্য।

মো. সেলিম ওরফে কানা সেলিম নামে ৫২ বছর বয়সী যে ব্যক্তিকে পুলিশ বোমার কারিগর বলছে, তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ। চট্টগ্রামে তিনি থাকতেন দক্ষিণ খুলশী এলাকায়।

পুলিশ বলছে, নগরীর মনসুরাবাদ পাসপোর্ট অফিসের পেছনে রেলের একটি পরিত্যক্ত জমিতে সেলিম হাতবোমা তৈরি করতেন। মঙ্গলবার গভীর রাতে টাইগার পাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলি বাজারের দোকান মালিক প্রকাশ কান্তি নাথ (৩৪) ও খাতুনগঞ্জের দোকান মালিক নিতাই দেবনাথকে (৩০) গ্রেপ্তার করা হয়। তারা সেলিমকে হাতবোমা তৈরির উপকরণ গন্ধক সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে সেলিমের নাম। এরপর তাকে ধরতে অভিযানে নামে পুলিশ।

সেলিম পুলিশকে বলেছেন, প্রতিটি হাতবোমা তৈরির জন্য তিনি পেতেন একশ টাকা। বোমা তৈরির নির্দেশ থেকে শুরু করে উপকরণ কেনার টাকা, পারিশ্রমিক বিতরণ এবং বোমা গন্তব্যে পৌঁছে দেওয়া- সবই হতো নগরীর আলকরণ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শওকত আজম খাজার নির্দেশে।

এর আগেও চট্টগ্রামে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার একাধিক ব্যক্তির জবানবন্দিতে বোমা তৈরির নির্দশদাতা হিসাবে কয়েকজন যুবদল নেতার নাম আসে বলে বাকলিয়ার ওসি জানান।

তিনি বলেন, সেলিম কয়েক দশক ধরে বোমা তৈরির সঙ্গে জড়িত। ১৯৮৮ সালে বোমা তৈরি করতে গিয়েই বিস্ফোরণে তার বাম চোখ নষ্ট হয়ে যায়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম বলেছেন, তিনি বোমা তৈরির কাজ ছেড়ে দিলেও ২০১৩ সালে শওকত আজম খাজার প্ররোচনায় আবার শুরু করেন। বোমার কাঁচামাল কেনার জন্য কখনো ১০ হাজার, কখনো ২০ হাজার টাকা দিতেন শওকত আজম। আর প্রতিটি বোমা তৈরির পারিশ্রমিক ছিল একশ টাকা।

“তৈরির পর মিষ্টির প্যাকেটে করে এসব বোমা নগর যুবদলের নেতাদের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হতো বলে সেলিম জানিয়েছেন।” 

ওসি জানান, গ্রেপ্তার দুই দোকানি ছাড়াও বোমা তৈরি ও সরবরাহের কাজে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দিয়েছেন সেলিম। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।