সিলেটে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাকচাপায় স্কুলপড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আসাদ মিয়া (৬) উপজেলার তোয়াকুল নয়াপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
গোয়াইনঘাট থানার এসআই হাবিব আহমদ জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সামনে একটি মাটিবোঝাই ট্রাক আসাদকে চাপা দেয়।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও এলাকাবাসী ট্রাকটি আটক করে। এরপর তারা নয়াপাড়া এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয় বলে জানান তিনি।
