বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের নেতা: স্পিকার
বিশ শতকে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করে যারা বিশ্বনন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অন্যতম বলে মন্তব্য করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার জাতির জনকের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে তিনি বলেন, “১৭ মার্চ বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন।
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অবিস্মরণীয় নেতা হিসেবে বিশ্ববাসীর হৃদয়ে চির জাগরুক থাকবেন।”
স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। ১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের যারা শহীদ হয়েছিলেন তাদের জন্যও দোয়া করা হয়।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন শিরীন শারমিন বলেন, “জাতির পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছেন।
“ফলে বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও বাংলাদেশ বিগত পাঁচ বছর ধরে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয়, রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।”
সভাপতির বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেন, “জাতিরজনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সাধারণ মানুষের উন্নয়ন করে যাচ্ছেন। দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণে সব নাগরিককে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।”
আলোচনা সভায় ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস, নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সমাজকর্মী ড. প্রদীপ কর, আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান, জাসদ সভাপতি আব্দুল মোসাব্বির ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহীম বাদশা অংশ নেন।
আলোচনা শেষে বহ্নিশিখা শিল্পীগোষ্ঠীর সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।
