সাংবাদিক পেটালেন দশমিনা উপজেলা চেয়ারম্যান
পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মো. সাখাওয়াত হোসেন শওকত স্থানীয় এক সাংবাদিককে বাসায় নিয়ে লাঠিপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটলেও সঞ্জয় ব্যানার্জি (২৫) নামে ওই সাংবাদিক ভয়ে পালিয়ে থাকায় কেউ খবরটি পাননি।
মঙ্গলবার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। প্রাণভয়ে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হননি বলে জানান তিনি।
সঞ্জয় পটুয়াখালী সাংবাদিক ক্লাব ও দশমিনা প্রেসক্লাবের সদস্য। তিনি দৈনিক জনতা পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি।
সঞ্জয়সহ স্থানীয় ও বাউফলের সাংবাদিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে সঞ্জয় ব্যানার্জির মোটর সাইকেলের সঙ্গে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মনির হোসেন নামের এক ব্যক্তির মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে গিয়ে মনির আহত হন।
এ ঘটনার জেরে তাকে মারধর করা হয় বলে জানান তারা।
সঞ্জয় বলেন, উপজেলা যুবলীগ নেতা কাসেম রাঢ়ী রাঢ়ী ও যুবলীগ নেতা মিজান খান সোমবার রাতে সঞ্জয়কে চেয়ারম্যানের বাসায় ডেকে নিয়ে যান।
“কিছুক্ষণ পর কাসেম ও মিজানকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে চেয়ারম্যান শওকত নিজ হাতে আমাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন।”
ওই সময় চেয়ারম্যানের ভাই মজিবর রহমান ও ভাইয়ের ছেলে মুছা সেখানে উপস্থিত ছিলেন বলে সঞ্জয় জানান।
তিনি বলেন, পরে খবর পেয়ে তাদের গ্রামের হারুন-অর-রশিদ গিয়ে তাকে নিয়ে যান এবং বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘটনার পর চেয়ারম্যান ও তার বাহিনীর হুমকি ধমকিতে প্রাণভয়ে পালিয়ে থাকতে হয় বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মেয়েকে নিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ায় সঞ্জয়। ওই মেয়েটির-বাবা মায়ের কান্নাকাটির কারণে ওকে ডেকে এনে একটু শাসন করেছি মাত্র।”
পটুয়াখালী সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের বাপ্পা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন জনপ্রতিনিধি হয়ে তিনি আইন হাতে তুলে নিয়েছেন। এটা দুঃখজনক।”
চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে মানুষকে নির্যাতনের আরও অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
পটুয়াখালী সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও এর প্রতিবাদ জানান বাপ্পা।
বাপ্পা জানান, গত বছরের পহেলা মে রাত আড়াইটার দিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঢাকা থেকে বেড়াতে আসা নারীসহ দুই পর্যটককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শওকত।
বেশ কয়েকটি দৈনিকে সংবাদটি প্রকাশিত হয় বলে নিশ্চিত করেন তিনি।
