চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড
চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর এলাকার এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ।
গ্রেপ্তার ভুয়া চিকিৎসকের নাম জামাল উদ্দিন ভুঁইয়া (৫৩)। নগরীর বন্দর টিলার দুই নম্বর নাবিক কলোনি সড়কের এরশাদ ভবনের বাসিন্দা জামাল উদ্দিন মৃত ফজলুল রহমানের ছেলে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের লিয়াজোঁ অফিসার রাজীব-উল-আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ হালিশহরের আলী শাহ ডায়গনস্টিক সেন্টারে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে গত ছয় মাস ধরে জামাল উদ্দিন রোগী দেখছিলেন।
“তার কোনো এমবিবিএস সনদ নেই। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (২) ধারা অনুসারে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
এদিকে ভ্রাম্যামাণ আদালতের আরেকটি অভিযানে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে গাঁজাসহ আটক মো. পারভেজকে (৪২) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
