পতাকা হাতে মাতবে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে রাজধানীতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করবে ‘বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি’ নামে ফেইসবুক ভিত্তিক একটি সংগঠন।
১৯ মার্চ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এর আগের দিন বুধবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে জাতীয় পতাকা নিয়ে ওই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
তাতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে ইতোমধ্যে ফেসবুকে ইভেন্টও খোলা হয়েছে।
তারা বলেছেন, ফুটবল বিশ্বকাপের সময় বিভিন্ন দেশকে সমর্থন জানিয়ে পতাকা পতাকায় সারা দেশ ছেয়ে যাওয়ার চিত্র দেখা যায়।
এবার বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে খেলছে; সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
