দীঘিনালায় সংঘর্ষ: পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাহাড়িদের দায়ী করে প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের তারা বিক্ষোভ মিছিল করে এবং পরে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।
পাহাড়িদের সংগঠন ভূমি রক্ষা কমিটি রোববার দুপুরে দীঘিনালার বাবুছড়া বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে পদযাত্রা করলে উপজেলার কারবারি টিলা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে আট সেনাসদস্যসহ ১৫ জন আহত হন।
ছাত্র পরিষদ নেতাকর্মীরা জানান, বেলা ১১টার দিকে চেঙ্গী স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে শাপলা চত্বরে তাদের পুলিশ বাধা দেয়।
পুলিশ ব্যানার কেড়ে নিতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। এ সময় দুই পুলিশ সদস্য অস্ত্র তাক করে গুলি করতে চাইলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে মিছিলটি আদালত সড়কের ভাঙ্গাব্রিজ ঘুরে এসে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি সাহাজুল ইসলাম সজলের সভাপতিত্ব অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুম রানা, কলেজ সভাপতি জাহিদুল ইসলাম, পানছড়ি সভাপতি মো. এরশাদ, মহালছড়ি সভাপতি মো. খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধারও নিন্দা করেন।
তবে, পুলিশের পক্ষ থেকে মিছিলে কোনো বাধা দেওয়া হয়নি বলে দাবি করেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. মিজানুর রহমান।
গতবছর দীঘিনালার বাবুছড়ায় বিজিবির ৫১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর বসানোয় ২১টি পাহাড়ি পরিবার ঘরবাড়ি হারিয়েছে বলে ভূমি রক্ষা কমিটির অভিযোগ।
ওই ব্যাটালিয়ন স্থানান্তর, উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে পুনর্বাসন এবং পাহাড়িদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে ভূমি রক্ষা কমিটি রোববার দুপুরে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে পদযাত্রা করলে উপজেলার কারবারি টিলা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে আট সেনাসদস্যসহ ১৫ জন আহত হন।
পরে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
