দীঘিনালায় চলছে সড়ক অবরোধ
বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর সরিয়ে নেওয়ার দাবি এবং পদযাত্রায় বাধার প্রতিবাদে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সড়ক অবরোধ চলছে।
‘দীঘিনালা ভূমি রক্ষা কমিটির’ ডাকা এই সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির কারণে দীঘিনালার সঙ্গে জেলা সদর ও রাঙামাটির বাঘাইহাট ও লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তবে কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি বলে দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানিয়েছেন।
তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। সেনাবাহিনীও টহল দিচ্ছে।”
গতবছর দীঘিনালার বাবুছড়ায় বিজিবির ৫১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর বসানোয় ২১টি পাহাড়ি পরিবার ঘরবাড়ি হারিয়েছে বলে ভূমি রক্ষা কমিটির অভিযোগ।
ওই ব্যাটালিয়ন স্থানান্তর, উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে পুনর্বাসন এবং পাহাড়িদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে ভূমি রক্ষা কমিটি রোববার দুপুরে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে পদযাত্রা করলে উপজেলার কারবারি টিলা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে আট সেনাসদস্যসহ ১৫ জন আহত হন।
পরে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সেনাবাহিনীর দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম জানান।
দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব ধর্মজ্যোতি চাকমা বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
