কুড়িগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত
কুড়িগ্রামে হরতালের সমর্থনে মিছিলে পুলিশের বাধা পেয়ে সংঘর্ষে জড়িয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।
জেলা সদরের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনায় পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন এক জামায়াতনেতাসহ ১০ জন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মুর্শেদুল করিম মোহাম্মদ ইসতেশাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মজিদ ফারুকীর নেতৃত্বে হরতালের সমর্থনে লাঠি মিছিল বের হয়।
“পুলিশ মিছিলে বাধা দিলে জামায়াতকর্মীরা ঢিল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।”
আহত জামায়াতনেতা আব্দুল হক (৫৪) পরমালী এবতেদায়ী মাদ্রাসার সুপার।
পুলিশ ঘটনাস্থল থেকে এরশাদুল হক (৩০), শহিদুল ইসলাম (২৮) নামে দুই শিবিরকর্মী এবং আব্দুল জলিল (৪০) নামের এক জামায়াতকর্মীকে আটক করেছে।
কুড়িগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
